তৃণমূল আমলে থমকেছিল কাজ! ‘এই’ বিশ্ববিদ্যালয়ের জন্য ১৭৬ কোটি টাকা বরাদ্দ রাজ্যের

SOBDIK NEWS: নিজস্ব ভবন না থাকায় বছরের পর বছর ধরে নানা সমস্যার মুখে পড়তে হয়েছে পূর্ব মেদিনীপুরের মহাত্মা গান্ধী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের। এবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ঠিকানা গড়ে তুলতে ১৭৬ কোটি টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার (West Bengal Government)। শুধু অর্থ বরাদ্দই নয়, নির্মাণের দায়িত্বপ্রাপ্ত পূর্ত দফতরকে দ্রুত কাজ এগিয়ে নিয়ে যাওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
পূর্ব মেদিনীপুরের বিশ্ববিদ্যালয়কে ঢেলে সাজানোর পরিকল্পনা সরকারের (West Bengal Government)
বিশ্ববিদ্যালয়ের জন্য জমি নির্ধারণের কাজ শুরু হয়েছিল ২০১৯ সালে। সেই সময় তৎকালীন পরিবহণমন্ত্রী তথা হলদিয়া উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান শুভেন্দু অধিকারীর উদ্যোগে হলদিয়া-কোলাঘাট জাতীয় সড়কের কাছাকাছি বামুনিয়া মৌজায় জায়গা বেছে নেওয়া হয়। কাপাস এড়া সংলগ্ন ওই এলাকায় প্রায় ২০ একর জমিতে ক্যাম্পাস তৈরির পরিকল্পনা করা হয়েছিল। ২০২০ সালে প্রাথমিকভাবে ২০ কোটি টাকা অনুমোদন মেলার পর জমির চারপাশে সীমানা প্রাচীর নির্মাণ এবং ভবনের ভিত তৈরির জন্য পাইলিংয়ের কাজও শুরু হয়।কিন্তু প্রাথমিক কাজের পর প্রকল্পের অগ্রগতি থমকে যায়।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য, পরবর্তী সময়ে নতুন করে অর্থের সংস্থান না হওয়ায় নির্মাণকাজ আর এগোয়নি। বারবার সরকারের কাছে আর্থিক সাহায্যের আবেদন জানানো সত্ত্বেও কোনও ইতিবাচক সাড়া মেলেনি বলে অভিযোগ। দীর্ঘদিন ধরে কাজ বন্ধ থাকায় ক্যাম্পাসের জন্য নির্ধারিত জমিতে আগাছা জন্মায়, ক্রমে জায়গাটি জঙ্গলে পরিণত হয়।
আরও পড়ুন : সিটংয়ে হানিমুনে দুর্ঘটনা, দু’মাসের লড়াই শেষে মৃত্যু নিকিতার
সরকার বদলের পর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন তৈরির দাবি নিয়ে ফের উদ্যোগী হন কর্তৃপক্ষ। স্থায়ী পরিকাঠামোর প্রয়োজনীয়তা তুলে ধরে উচ্চশিক্ষা দফতরের কাছে নতুন করে আবেদন জানানো হয়। সেই আবেদনের পর সম্প্রতি দফতরের তরফে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং পূর্ত দফতরকে চিঠি পাঠানো হয়েছে। তাতে ১৭৬ কোটি টাকার প্রকল্পের কথা জানিয়ে নির্মাণকাজ দ্রুত শুরু করার বিষয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। এবার প্রশাসনিক স্তরে কাজ এগোলে দীর্ঘদিনের অসমাপ্ত পরিকল্পনা বাস্তবায়নের পথ খুলবে।
বর্তমানে মহিষাদল রাজ কলেজের রবীন্দ্রভবনের ষষ্ঠ ও সপ্তম তলাতেই বিশ্ববিদ্যালয়ের যাবতীয় পঠনপাঠনের ব্যবস্থা করতে হচ্ছে। স্থায়ী ভবন না থাকায় সীমিত জায়গার মধ্যেই একাধিক বিষয়ের ক্লাস পরিচালনা করা হচ্ছে। প্রথম দিকে চারটি বিষয়ে ৩৩টি করে আসন নিয়ে পঠনপাঠন শুরু হয়েছিল। পরে ভর্তির চাহিদা বাড়ায় প্রতিটি বিষয়ে আসন সংখ্যা ৫০ করা হয়। কিন্তু সেই অনুপাতে শ্রেণিকক্ষ বা অন্যান্য সুযোগ-সুবিধা বাড়ানো সম্ভব হয়নি।
পরিস্থিতি সামাল দিতে কোথাও করিডোরের একাংশ পর্দা দিয়ে ঘিরে ক্লাস নেওয়ার ব্যবস্থা করতে হয়েছে। স্বাভাবিকভাবেই এতে শিক্ষক ও পড়ুয়া উভয়কেই সমস্যায় পড়তে হচ্ছে। পর্যাপ্ত শ্রেণিকক্ষ, প্রশাসনিক ভবন এবং অন্যান্য শিক্ষামূলক পরিকাঠামো ছাড়া বিশ্ববিদ্যালয়ের স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করাও কঠিন হয়ে উঠেছে। নির্মাণের জন্য অর্থ বরাদ্দের খবর আসতেই উপাচার্য জানান, “উচ্চশিক্ষা দফতরের তরফে চিঠি পেয়েছি, দ্রুত কাজ শুরু হবে জানতে পেরে আমরা অত্যন্ত খুশি। নতুন ক্যাম্পাসে অন্তত একতলা ভবনের নির্মাণ সম্পূর্ণ হলেই আমরা মহিষাদল রাজ কলেজ ক্যাম্পাস ছেড়ে নিজেদের স্থায়ী ক্যাম্পাসে স্থানান্তরিত হব।” পূর্ব মেদিনীপুরের উচ্চশিক্ষার পরিকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও এই প্রকল্প গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। নিজস্ব ভবন তৈরি হলে অস্থায়ী জায়গার সীমাবদ্ধতা কাটিয়ে বিশ্ববিদ্যালয়ের পঠনপাঠন ও প্রশাসনিক কাজ আরও সুসংগঠিতভাবে পরিচালনা করা সম্ভব হবে।



