হকারদের জন্য বিদেশি স্টাইলের স্টল! ব্যবসাতেও অভিনব মডেলের ঘোষণা অগ্নিমিত্রার

SOBDIK NEWS: হকার উচ্ছেদ নিয়ে কয়েক মাস আগে উত্তাল হয়ে উঠেছিল রাজ্য। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অবধি। এবার সেই হকারদের জন্য বিদেশি স্টাইলের অত্যাধুনিক স্টল আনতে চলেছে রাজ্য সরকার (Government of West Bengal)। পাশাপাশি ব্যবসার ক্ষেত্রেও অভিনব মডেলের কথা জানিয়েছেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul)।
হকারদের জন্য অভিনব স্টল দেখালেন অগ্নিমিত্রা | (Agnimitra Paul)
বুধবার নবদিগন্ত ভবনে নবদিগন্ত ইমপ্রুভমেন্ট ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে একটি প্রশাসনিক বৈঠক করেন পুরমন্ত্রী। এরপর নবদিগন্ত ইমপ্রুভমেন্ট ট্রাস্টের আধিকারিকদের সঙ্গে ‘নগর উদ্যম’ নামের অত্যাধুনিক স্টলগুলি পরিদর্শন করেন। সেই স্টলগুলি নিয়ে বেশ কিছু পরামর্শও দেন তিনি।
অগ্নিমিত্রা বলেন, “হকার ভাই-বোনদের জন্য আমরা এই স্টল বানিয়েছি। এখনও এসওপি ঠিক করা হয়নি। লটারি সিস্টেমে হবে নাকি সার্ভের মাধ্যমে শুধু পুরনো হকারদের দেওয়া হবে তা এখনও নিশ্চিত নয়। আপাততভাবে এই ধরণের একটি স্টল ঠিক করা হয়েছে।“
আরও পড়ুনঃ ফের DA বৃদ্ধির সিদ্ধান্ত মুখ্যমন্ত্রীর! বছর শেষের আগে ৪ শতাংশ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা
পুরমন্ত্রী জানান, এই স্টলগুলি মূলত সোলার পাওয়ারে চলবে। পাশাপাশি ব্যাটারির ব্যবস্থাও থাকবে। খাবার বানানোর জন্য হকারদের ইনডাকশন হিটার দেওয়া হবে। এমনকি পাড়ায় পাড়ায় জামাকাপড় ইস্ত্রির কাজ যারা করেন, তাঁদের জন্যও এই ধরণের অত্যাধুনিক স্টল বানানো হবে বলে জানিয়েছেন তিনি।
অগ্নিমিত্রা বলেন, এই স্টলগুলি ফুটপাথে পাকাপাকিভাবে রেখে দেওয়া যাবে না। বরং সেগুলি সাইকেলের মতো বা গাড়ির মতো চালানোর ব্যবস্থা থাকবে। সেগুলি চালিয়ে এসে সামগ্রী বিক্রি করে আবার চলে যেতে হবে।
পুরমন্ত্রী জানান, হকারদের ব্যবসার জন্য নির্দিষ্ট জায়গাগুলি ভাড়া দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। পাশাপাশি ব্যবসার জন্য নির্দিষ্ট সময়ও বেঁধে দেওয়া হতে পারে। এতে একদিকে যেমন বাকি সময় ফুটপাথ ফাঁকা থাকবে, ফলে পথচারীদের সমস্যা হবে না। তেমনই হকাররাও বিক্রিবাট্টা করতে পারবেন।



