0%

‘চ্যাম্পিয়ন না হলে কোচিং জীবন অনিশ্চয়তায় পড়ে যেত’, পাকিস্তানকে হারিয়ে সাফ জিতে অকপট মুসা

তাঁকে যখন ঢাকায় ফোনে ধরা সম্ভব হল, তখন মঙ্গলবার রাত বারোটা। হোটেলের পুল সাইড পার্টি তখন ‘ফুল ভলিউমে’। কিছুক্ষণ আগেই তিনি ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানকে হারিয়ে দেশকে সাফ কাপ জিতিয়ে এসেছেন। তিনি ভারতীয় দলের কোচ নৌশাদ মুসা। ভারতীয় ফুটবলে স্যাভিও মেদেইরা পর তিনিই একমাত্র, যিনি ফুটবলার এবং কোচ, উভয় ভূমিকাতেই দেশকে সাফ কাপ জিতিয়েছেন। ঢাকার হোটেল থেকে যখন তিনি ফোনে কথা বলছেন, পাশ থেকে গানের আওয়াজ ভেসে আসছে। কিন্তু তিনি অদ্ভুত রকমের শান্ত। মাঠের সেই জোশটাই নেই।  

প্রশ্ন: এত শান্ত কেন? পাকিস্তানকে মেরে এলেন, তারপর গলায় সেই উচ্ছ্বাসটা কোথায়?
মুসা: আমি আর কী করলাম? সবই তো ফুটবলাররা করল। সাফে ঢাকায় আসার আগে পুরো ১৮ জনকে নিয়ে কলকাতায় প্র্যাকটিস করেছি মাত্র একদিন। ঢাকায় এসে প্রতিযোগিতার মাঝে আর দারুণ প্র্যাকটিসের সুযোগ ছিল না। তার উপর গ্রুপের পাকিস্তান ম্যাচের পর ফের নতুন একটা দল পেলাম। এই অবস্থায় যদি বলি, মারাত্মক সব কোচিং ট্যাকটিক্স শিখিয়ে সব কিছু ওলটপালট করে দিয়েছি, তাহলে ভুল হবে। এই সাফ জয়ে ফুটবলারদের কৃতিত্ব বেশি। আজ ওদের আনন্দ করার দিন।
প্রশ্ন: তার মানে এখন আপনি হোটেলের রুমে গিয়ে শুয়ে পড়বেন?
মুসা: না, না। ছেলেরা এখন পুলসাইড পার্টি করছে। সেখানেই ছিলাম। আপনার কল দেখে পার্টি থেকে একটু দূরে এসে কথা বলছি।
প্রশ্ন: সহকারী হিসাবে বিবিয়ানো ফার্নান্ডেজ থাকাতে জুনিয়র ফুটবলারদের হ্যান্ডল করতেও নিশ্চয়ই খুব সুবিধে হয়েছে?
মুসা: অবশ্যই। বিবিয়ানোর সঙ্গে আমার বোঝাপড়া খুবই ভালো। তবে আমার গোলকিপার কোচ-সহ পুরো কোচিং স্টাফ একসঙ্গে বসে কাজ করেছি। এককভাবে আমি কিছু নই। সবাই একসঙ্গে পরিকল্পনা করেছি।
প্রশ্ন: ম্যাচ চলাকালীন গ্যালারি থেকে সাপোর্ট পেলেন?
মুসা: কয়েকজন ভারতীয় সমর্থক ছিলেন দেশের পতাকা হাতে। তবে সংখ্যাটা কম। গ্যালারিতে পাকিস্তানের সমর্থনই বেশি ছিল। তবে এটা আমার বেশ ভালো লাগে। সব কিছুর বিরুদ্ধে গিয়ে চ্যাম্পিয়ন হওয়ার আনন্দ আলাদা। নিজের ডেরায়, সব কিছু নিজের মতো করে জেতায় সেই আনন্দ কোথায়?
প্রশ্ন: কোচ হিসেবে পাকিস্তানকে হারিয়ে সাফ জয়টাই কি তাহলে কোচ হিসাবে এখনও পর্যন্ত বড় সাফল্য?
মুসা: আমি কিন্তু ফুটবলার হিসাবেও সাফে পাকিস্তানকে হারিয়েছি। নঈমুদ্দিনের কোচিংয়ে কাঠমান্ডুতে আমরা পাকিস্তানকে গ্রুপের ম্যাচে হারিয়ছিলাম। পেনাল্টি থেকে আমার একটা গোলও ছিল। ফাইনালে মালদ্বীপকে হারিয়ে সাফ জিতি। বাইচুং ফাইনালের সেরা ফুটবলার হয়েছিল।
প্রশ্ন: একে তো প্রস্তুতির সময় পাননি। তার উপর গ্রুপে পাকিস্তানকে হারাতেই জয়ী দলটাকে ভেঙে দেওয়া হল। এরপরও মনে হয়েছিল, চ্যাম্পিয়ন হওয়া সম্ভব?
মুসা: দেখুন, আমি খুব পজিটিভ মানসিকতার ছেলে। আমি নিজে যদি অজুহাত তৈরিতে ব্যস্ত থাকি, তাহলে দলের মনোবলই ভেঙে যাবে। জানতাম, প্রস্তুতির জন্য হাতে সময় নেই। ফুটবলারদের শুধু বুঝিয়েছি, আমরা কোন ফর্মেশনে কীভাবে ‘শেপ’ ধরে রাখতে চাইছি। ফুটবলের একদম সিম্পল মেথড ফলো করেছি। যদি কম সময়ের মধ্যে জটিল সব কোচিং তত্ত্ব প্রয়োগ করতে চাইতাম, তাহলে ফুটবলাররা সব ঘেঁটে ফেলত। বাকিটা বললাম তো ফুটবলারদের কৃতিত্ব।
প্রশ্ন: ভাঙা দল। সেখানে পাকিস্তানের দলে ইউরোপের লিগে খেলা ফুটবলার। কিন্তু আপনাকে যখনই জিজ্ঞাসা করেছি, সব সময় বলেছেন, হয়ে যাবে। চিন্তার কিছু নেই। একদিনের জন্যও কি মনে হয়নি, একবার অন্তত মুখ খুলে বলুন, কতটা অসুবিধার মধ্যে আপনাকে ফেলে দেওয়া হল?
মুসা: অজুহাত তৈরি করা আমার স্বভাবে নেই। জানি জিতব। নাহলে মরব। এটা বুঝে গিয়েছিলাম, যদি ফাইনালে পাকিস্তানের কাছে হারতাম, আমার কোচিং কেরিয়ার প্রশ্নর মুখে পড়ে যেত। তখন কেউ বুঝতেই চাইত না, কীভাবে আমরা সাফটা চ্যাম্পিয়ন হলাম? এখনও বলছি, কী পাইনি, সেটা আমার কাছে বড় বিষয় নয়। কী পেয়েছি, শুধু সেগুলি নিয়েই ভাবতে চাই।
প্রশ্ন: একটা ব‌্যক্তিগত প্রশ্ন করছি।
মুসা: কী রকম ?
প্রশ্ন: শুনেছি, জাতীয় দলে বিদেশি কোচদের জন্য যে বেতন দেওয়া হয়, তার ধারে কাছে নাকি আপনাদের বেতন নয়?
মুসা: (কিছুক্ষণ থেমে) এই নিয়ে কিছু বলব না।
প্রশ্ন: কোচ হিসাবে একধারে সাফ জয়। পাশাপাশি পাকিস্তানকে হারানো। এই জয়টা কাউকে উৎসর্গ করবেন?
মুসা: অবশ্যই ভারতীয় ফুটবল সমর্থকদের। ভারতীয় ফুটবল নিয়ে এত সমস্যার মধ্যেও সমর্থকরা আমাদেরকে সমর্থন জানিয়ে গিয়েছে। ভরসা জুগিয়েছেন। নানা সমস্যার মধ্যেও ভারতীয় ফুটবলকে সমর্থন যোগাতে ভোলেননি। এরপর এই জয় ভারতীয় ফুটবল সমর্থকদের উৎসর্গ করা ছাড়া আর কোনও বিকল্প পথ থাকে না।
প্রশ্ন: সরি। অনেকক্ষণ আপনাকে পার্টির বাইরে রাখলাম..।
মুসা: না, না। ঠিক আছে। সবার সাপোর্ট না পেলে চ্যাম্পিয়ন হতে পারতাম না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker